মাদক মামলায় জামিন পেয়েছেন ঢাকা মহানগর যুবলীগ দ?ক্ষি?ণের বহিষ্কৃৃত সহসভাপতি এনামুল হক আরমান। জামিন প্রশ্নে জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
গত ২৩ আগস্ট আরমানের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জামিন প্রশ্নে রুল জারি করে। ঐ রুলে তাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। আদালতে রুল শুনানিতে আরমানের পক্ষে আইনজীবী আলাল উদ্দিন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরওয়ার হোসেন বাপ্পী শুনানি করেন। শুনানি নিয়ে হাইকোর্ট জামিনের আদেশ দেয়।
গত বছরের ৬ অক্টোবর ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের বহিষ্কৃৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র্যাব। সেখান থেকে তাদের ঢাকায় আনা হয়। এরপর সম্রাটকে নিয়ে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ঐ কার্যালয় থেকে ১৯ বোতল বিদেশি মদ এবং ১ হাজার ১৬০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। ঐ মামলায় এরই মধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। নিম্ন আদালতে জামিন না পাওয়ায় হাইকোর্টে আবেদন করা হয়।