জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, করোনার চিকিত্সার জন্য ডেডিকেটেড হাসপাতালের সংখ্যা কমানো হলে জনগণকে মৃত্যুর মুখে ঠেলে ফেলা হবে। সরকারের এ সিদ্ধান্ত মানুষের চিকিত্সা প্রাপ্তির সাংবিধানিক অধিকারও ক্ষুণ্ন করছে। গতকাল বৃহস্পতিবার সংসদের নবম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন।
জি এম কাদের বলেন, করোনা ভাইরাসের প্রকোপ এখনো দেশে বিদ্যমান। কোভিড হাসপাতালকে নন-কোভিডে রূপান্তর করার সিদ্ধান্ত রোগী, বিশেষ করে সাধারণ মানুষকে মৃত্যু-ঝুঁকির মুখে ফেলে দেবে। তিনি বলেন, পরীক্ষার সংখ্যা বাড়লে দেশে আক্রান্তের ও মৃতের সংখ্যাও বেশি হতে পারে বলে বিশেষজ্ঞ মহল মনে করেন। সাধারণ মানুষের চিকিত্সার একমাত্র ভরসা সরকারি হাসপাতাল। হঠাত্ কোভিড হাসপাতালের সংখ্যা কমানোর কারণে বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল চিকিত্সা নিতে রোগীরা বাধ্য হচ্ছেন। সিটের জন্য অনেকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন। বিনা চিকিত্সায় মৃত্যু ছাড়া গত্যন্তর থাকছে না।
জি এম কাদের আরো বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা যাচ্ছে না। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রায়ই কোথাও না কোথাও গুলিবিদ্ধ লাশ পড়ে থাকছে। এখন রাজনৈতিক কর্মী, বিভিন্ন পেশার কর্মজীবীরা আইনশৃঙ্খলা বাহিনীর রোষের শিকার হয়ে বন্দুকযুদ্ধ, গুমের ভিকটিম হচ্ছে। এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে।