নির্বাচন কমিশনে শেষ পেরেক ঠুকেছে সরকার :ফখরুল

সরকারের নীলনকশা বাস্তবায়নে নির্বাচন কমিশন তত্পর রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন কমিশনে শেষ পেরেক ঠুকেছে সরকার। নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে নির্বাচনব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্র করেছে বর্তমান সরকার। এর মাধ্যমে সরকার একতরফা ক্ষমতায় থাকার পথ পরিষ্কার করতে চায়। রাজনৈতিক দলের নিবন্ধন আইনসহ অনেকগুলো মৌলিক সংশোধনী আনতে কমিশনের উদ্যোগ অপ্রয়োজনীয় এবং উদ্দেশ্যপ্রণোদিত। প্রস্তাবিত আরপিওর মাধ্যমে আগামীতে নির্বাচন কমিশনবিহীন প্রহসনের নির্বাচন সরকার করতে চায়।

গতকাল বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন-২০২০ প্রণয়ন, নির্বাচনি আইন (পিআরও) সংশোধনী প্রস্তাব এবং স্থানীয় সরকার নির্বাচনি আইন-২০২০ প্রণয়নে নির্বাচন কমিশনের উদ্যোগ :বিএনপির প্রতিবাদ ও প্রত্যাখ্যান’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই কমিশনের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তারা কী ধরনের কারসাজিতে যুক্ত তা নিয়ে সন্দেহ আছে। তাদের অতীত কর্মকাণ্ডে এটি স্পষ্ট যে, নির্বাচন কমিশন সরকারের নীলনকশা বাস্তবায়নেই তত্পর রয়েছে। নির্বাচন কমিশন এই করোনা মহামারির দুঃসময়কে বেছে নিয়েছে অনেকগুলো মৌলিক সংশোধনী আনয়নের জন্য।