বিশ্বে পাঁচ দশকে বন্যপ্রাণীর সংখ্যা দুই-তৃতীয়াংশ কমেছে

বিশ্বে গত প্রায় পাঁচ দশকে বন্যপ্রাণীর সংখ্যা দুই-তৃতীয়াংশ কমেছে। মানুষের ভোগের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের (ডব্লিউডব্লিউএফ) প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এই অবস্থাকে প্রকৃতির জন্য বড় হুমকি। নিজেদের প্রয়োজনেই প্রকৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। খবর:সিএনএন।

ঐ প্রতিবেদনে বলা হয়েছে, বন উজাড় এবং কৃষির সম্প্র্রসারণের ফলে ১৯৭০ থেকে ২০১৬ সালের মধ্যে ৪ হাজারের বেশি প্রজাতির মেরুদণ্ডী প্রাণীর সংখ্যা ৬৮ শতাংশের বেশি কমে গেছে। এই সময়ে বণ্যপ্রাণীর সংখ্যা যে হারে কমেছে মিলিয়ন-মিলিয়ন বছরেও সেটা হয়নি। প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হলো—লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল। এসব অঞ্চলে বন্যপ্রাণীর সংখ্যা ৯৪ শতাংশ কমেছে।