অর্থ পাচারের দুই মামলা আপিল বিভাগে জামিনের আবেদন ডেসটিনির রফিকুল আমিনের

সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন জামিন চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন। আগামী ১৪ সেপ্টেম্বর ঐ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারপতি মো. নূরুজ্জামান শুনানির জন্য এই দিন ধার্য করে দেন। আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও রফিকুল আমিনের পক্ষে আবদুল মতিন খসরু শুনানি করেন।

গত ২০ আগস্ট দুই মামলায় রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। একই সঙ্গে ঐ দুই মামলা বিচারিক আদালতে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়। এই আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে আপিল বিভাগে আবেদন করেন তিনি।

২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থ পাচারের অভিযোগে রফিকুল আমিন, মোহাম্মদ হোসেনসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।