মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তদন্তে জড়িত কর্মকর্তারা এবং তদন্তে উঠে আসা তথ্য গণমাধ্যমে প্রকাশ না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আবেদনের ওপর শুনানি হচ্ছে। আগামী ১৩ সেপ্টেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রয়েছে। আদালতে রিটের পক্ষে আইনজীবী আসান উল্লাহ ও সজল মাহমুদ রাসেল এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার শুনানি করেন।
এই হত্যা মামলার আসামি টেকনাফ মডেল থানার সাময়িক বরখাস্ত এসআই নন্দলাল রক্ষিতের ভাই দেব দুলাল রক্ষিত মামলার তদন্তে উঠে আসা তথ্য গণমাধ্যমে প্রকাশ না করার নির্দেশনা চেয়ে এ রিট দায়ের করেন। রিটে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের গণমাধ্যমের সামনে উপস্থিত না করার বিষয়েও নির্দেশনা চাওয়া হয়। রিটে স্বরাষ্ট্রসচিব, তথ্যসচিব, পুলিশের আইজি ও র্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।