মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে সাখারভ প্রাইজ কমিউনিটি থেকে বাদ দিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট (ইপি)। রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়ন ও অপরাধ সমর্থন করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার আলজাজিরার এক খবরে এই তথ্য জানানো হয়েছে।
শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার আগে ১৯৯০ সালে সু চিকে সাখারভ পুরস্কার প্রদান করে ইইউ পরিষদ। এটি ছিল মানবাধিকারের পক্ষে লড়াইরতদের জন্য সর্বোচ্চ পুরস্কার। কিন্তু এখন থেকে এই পুরস্কার জয়ীদের কোনো অনুষ্ঠানে সু চি অংশ নিতে পারবেন না। ইপির একটি সূত্র জানায়, পুরস্কারটি প্রত্যাহার সম্ভবপর না হওয়ায় বৃহস্পতিবার তাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ইপির সদস্যদের সবচেয়ে শক্তিশালী নিষেধাজ্ঞা এটি।
প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন শুরু হয়। নিপীড়নের মুখে ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘের তদন্তকারীদের প্রতিবেদন অনুযায়ী এই অভিযানে গণহত্যার অভিপ্রায় ছিল।