রাশিয়া, চীন এবং ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা ২০২০ সালের মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট।
প্রতিষ্ঠানটি বলছে, ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রচারণার নথি হাতিয়ে নেওয়া রুশ হ্যাকাররা এবারো তৎপর রয়েছে।
মাইক্রোসফটের পক্ষ থেকে আরো বলা হয় যে, নির্বাচনকে লক্ষ্যবস্তু বানিয়ে বিদেশিরা যে তাদের প্রচেষ্টা বাড়িয়েছে এই ব্যাপারে তারা নিশ্চিত।
মাইক্রোসফট দাবি করছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের নির্বাচনী প্রচারণার ওপর নজরদারি করছে হ্যাকাররা।
একটি বিবৃতিতে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার স্ট্রোন্টিয়াম নামের একটি হ্যাকার গ্রুপ ২০০-এর বেশি সংস্থাকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এদের মধ্যে বেশিরভাগই যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এবং ডেমোক্র্যাট রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত।
স্ট্রোন্টিয়াম গ্রুপটির আরেক নাম ফ্যান্সি বেয়ার। অভিযোগ রয়েছে রুশ সেনাবাহিনীর গোয়েন্দা দলের পক্ষ থেকে এরা সাইবার হামলা চালায়।
ইত্তেফাক/এআর