আমাজনে আদিবাসীদের তীরের আঘাতে ব্রাজিলিয়ান কর্মকর্তার মৃত্যু

 আমাজন বনে আদিবাসীদের তীরের আঘাতে রিয়েলি ফ্রান্সিসকাতো নামের এক ব্রাজিলিয়ান কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত রিয়েলি ফ্রান্সিসকাতো ব্রাজিল সরকারের  আদিবাসী বিষয়ক সংস্থা ফুনাইয়ের হয়ে কাজ  করতেন বলে জানা গেছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৫৬ বছর বয়সী রিয়েলি ফ্রান্সিসকাতো বুধবার ব্রাজিলের রোন্ডোনিয়া রাজ্যে  আমাজনের গহীনে অবস্থিত একটিয়া গ্রামে যান। সেখানেই জনবিচ্ছিন্ন  'কাউটারিও রিভার আইসোলেটেড গ্রুপ' নামের আদিবাসী গোষ্ঠীর কয়েকজন সদস্যের হামলার পর তীর বিদ্ধ হয়ে মারা যান তিনি। 

এই ঘটনার প্রত্যক্ষদর্শী  গ্যাব্রিয়েল উচিদা নামের এক চিত্র সাংবাদিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'কাউটারিও রিভার আইসোলেটেড গ্রুপ' নামের আদিবাসী  গোষ্ঠীর সদস্যরা  স্বভাবতই শান্ত প্রকৃতির। কিন্তু এবার তাদের পাঁচ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়।

গ্যাব্রিয়েল উচিদা  আরো বলেন, হামলার সময় গাড়িতে আশ্রয় নিয়ে বাঁচতে চেয়েছিলেন ফ্রান্সিসকাতো তবে তীর এসে তার বুকে বিদ্ধ হয়। 

ইত্তেফাক/এআর