ভবন থেকে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত

ইত্তেফাক রিপোর্ট

কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই নির্মাণ কাজ করতে গিয়ে রাজধানীর ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন আসাদুল ইসলাম ও খায়রুল ইসলাম। গতকাল সকাল ১০টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। একজন সহকর্মী জানান, আসাদুল ও খায়রুল দুজনে সম্পর্কে চাচাতো ভাই। তারা কোমরের নিরাপত্তামূলক বেল্ট ছাড়াই একটি নির্মাণাধীন ১৪তলা ভবনের ৯ তলার বাইরের অংশে প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় বাঁশের মাচা ছিঁড়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। উভয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চারু রূপনগর গ্রামে।