খুদে চিত্রশিল্পী জারীফ জাতিসংঘের সর্বকনিষ্ঠ বিচারক

ইত্তেফাক রিপোর্ট

জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘দ্য ফিউচার উই ওয়ান্ট’ শীর্ষক আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার সাইয়্যেদ মুহাম্মদ জারীফ সালেহ (১৩) এক জন বিচারক। এ প্রতিযোগিতায় বিশ্বব্যাপী পাঁচটি মহাদেশের ৪৪টি দেশ থেকে মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা (১৩-১৫ বছর বয়সি) অংশ নিয়েছে। জেনেভাস্থ জাতিসংঘের ডিরেক্টর জেনারেল টাটিয়ানা ভেলোভায়া গত ২৭ আগস্ট জারীফকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

জারীফ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ ও প্রকৌশলী নিশাত সিদ্দিকের জ্যেষ্ঠ পুত্র। ইতিপূর্বে সাইয়্যেদ মুহাম্মদ জারীফ সালেহ জাতিসংঘ এবং গ্যাবারন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সারা বিশ্বে প্রথম হয়ে বাংলাদেশের নাম বিশ্বের দরবারে পৌঁছে দেয়। সে জাপানের কানাগাওয়া দ্বিবার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী। জারীফ ভারতের টেডেক্স এসভিনিট আর্ট প্রতিযোগিতা প্রথম পুরস্কার বিজয়ী। বাংলাদেশে জাতীয় শিশু দিবসে আরটিভি আর্ট প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর্ট প্রতিযোগিতা-২০২০ বিজয়ী।