তুহিন খান
রাজধানীর পার্শ্ববর্তী সাভার, ধামরাই ও আশুলিয়াসহ আশপাশের এলাকাগুলোতে নানা কায়দায় অভিনব প্রতারণা চলছে। প্রতারণার শিকার হয়ে অনেকে থানায় অভিযোগ করলেও বেশির ভাগ ক্ষেত্রেই ভুক্তভোগীরা অভিযোগ করেন না বাড়তি ঝামেলার ভয়ে। সংঘবদ্ধ প্রতারক চক্রটি সুযোগ বুঝে হানা দিচ্ছে বিভিন্ন মিল-কারখানা, বেকারি, ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, হোটেল, এনজিও, ক্লিনিক, ইটভাটা, আইসক্রিম ফ্যাক্টরিসহ নানা প্রতিষ্ঠানে। প্রতারকরা কখনো ব্যক্তিবিশেষ বা জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। আর এ কাজে সুকৌশলে নারীদেরকেও ব্যবহার করা হচ্ছে।
চক্রটি নিজেদের কখনো ডিবি পুলিশ, ম্যাজিস্ট্রেট, মানবাধিকার সংগঠনের কর্মী, সাংবাদিক অথবা মিডিয়াকর্মী পরিচয় দিয়েও প্রতারণা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এছাড়া মাইক্রোবাসযোগে ৮/১০ জনের এ দলটি নিজেদের ভ্রাম্যমাণ আদালতের টিম পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন স্থান থেকে নগদ অর্থ আদায় করে সটকে পড়ে। এ অঞ্চলের বিভিন্ন স্থান থেকে এ রকম একাধিক অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি সাভারে অনুমোদন বিহীন অনলাইন টিভি চ্যানেলে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নিউজটিভিবাংলা নামক একটি ভুয়া টেলিভিশনের অফিসে অভিযান চালায় র্যাব-৪। এ সময় ঐ অফিস থেকে চ্যানেলটির ভাইস চেয়ারম্যান পরিচয়দানকারী প্রতারক চক্রের প্রধান দিদারুল ইসলাম ও দুই নারীসহ চার জনকে গ্রেফতার করা হয়।
এদিকে গত ৩০ আগস্ট সাভারে ডগরমোড়া এলাকা থেকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুদক কর্মকর্তা পরিচয়দানকারী মো. হারুন-অর-রশিদ খান নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। মূলত সে বিভিন্ন অবৈধ কাজে সহায়তা ও চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ভিন্ন ভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। গত কয়েক বছর যাবত্ সাভার, আশুলিয়া, ধামরাই, লালবাগসহ ঢাকার বিভিন্ন এলাকায় নিজেকে কখনো র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কখনো দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা আবার কখনো কাস্টমস অফিসার পরিচয় দিয়ে আসছিল।
সম্প্রতি আশুলিয়ায় টিভি ও পত্রিকায় চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আট প্রতারককে আটক করেছে র্যাব-৪।