শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে আট দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর গতকাল শুক্রবার থেকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হওয়ার কয়েক ঘণ্টার মাথায় আবারও বন্ধ হয়ে গেছে। অন্যদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৩ দিন বন্ধ থাকার পর গতকাল থেকে মূল চ্যানেলে ফেরি চলাচল শুরু হয়েছে। পাটুরিয়া নৌপথে মূল চ্যানেলে ফেরি চলাচল বন্ধ থাকায় গত ৩০ আগস্ট থেকে ফেরিগুলো বিকল্প পথে চলাচল করছিল। এ কারণে ফেরি চলাচলে বেশি সময় লাগছিল। মুন্সীগঞ্জ প্রতিনিধি, মানিকগঞ্জ প্রতিনিধি ও শিবচর (মাদারীপুর) সংবাদদাতার পাঠানো খবর।
মুন্সীগঞ্জ ও শিবচর (মাদারীপুর) :শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে পরীক্ষামূলকভাবে শিমুলিয়া থেকে ফেরি ক্যামেলিয়া, কাকলি ও রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কাঁঠালবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে কয়েক ঘণ্টার মাথায় রো রো ফেরিটি আধাঘণ্টা ডুবে চরে আটকে থাকায় এই রুটে ফেরি চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের সহকারী ব্যবস্থাপক সামচুল আবেদীনের সরকারি মোবাইল নম্বরে ৭টা ৫০ মিনিটে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুক্রবার বিকেলে পরীক্ষামূলক তিনটি ফেরি শিমুলিয়া থেকে ছেড়ে আসে। সন্ধ্যার মধ্যেই একটি রো রো ও দুইটি কেটাইপ ফেরি কাঁঠালবাড়ী ঘাটে এসে পৌঁছেছে। তবে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটি প্রায় আধঘণ্টা ডুবে চরে আটকে ছিল। সন্ধ্যার পর কাঁঠালবাড়ী ঘাট থেকে কোনো ফেরি শিমুলিয়া ঘাট উদ্দেশ্যে ছেড়ে যায়নি এবং শিমুলিয়া ঘাট থেকে কোনো ফেরি কাঁঠালবাড়ী ঘাট উদ্দেশ্যে ছেড়ে আসেনি। এখন কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এর আগে বিআইডব্লিউটিসির এজিএম মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি যৌথভাবে লৌহজং টার্নিং চ্যানেলে সার্ভে করে। চ্যানেলটি এখন ফেরি চলাচলের উপযোগী মনে করা হচ্ছে। তাই পরীক্ষামূলক ফেরি সার্ভিস সচল করা হয়েছে।
এর আগে পদ্মার চ্যানেলে নাব্য সংকটে গত ২৯ আগস্ট থেকে দিনে সীমিত আকারে ফেরি চললেও রাতে ফেরি চলাচল বন্ধ ছিল। পরে ৩ সেপ্টেম্বর থেকে এই রুটের পুরো ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়।
মানিকগঞ্জ :পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নাব্য সংকটের কারণে গত ২৯ আগস্ট থেকে মূল চ্যানেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ৩০ আগস্ট থেকে ড্রেজিং শুরু করে টানা ১২ দিন ড্রেজিং করে বৃহস্পতিবার রাতে ঐ চ্যানেলের নাব্য ফিরিয়ে আনতে সক্ষম হয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আব্দুস সাত্তার জানান, নৌপথে নাব্য সংকট থাকায় গত ৩০ আগস্ট থেকে ফেরিগুলো বিকল্পপথে চলাচল করছিল। এ কারণে ফেরি চলাচলে সময় বেশি লাগছিল। দীর্ঘ ১২ দিন ড্রেজিং করার ফলে মূল চ্যানেলের নাব্য ফিরেছে। শুক্রবার সকাল থেকে ফেরিগুলো মূল চ্যানেল দিয়ে চলাচল করছে।
সরেজমিনে দেখা গেছে, মূল চ্যানেল চালু হলেও পাটুরিয়া ঘাটের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। যাত্রী ও পচনশীল জরুরি পণ্যবাহী গাড়িগুলোকে অগ্রাধিকারভিত্তিতে পার করার কারণে পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়ছে শত শত পণ্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রাক চালক ও তাদের সহযোগীরা।