ওয়াল স্ট্রিট ব্যাংকে প্রথম নারী প্রধান

বিশ্বে শীর্ষ ব্যাংকগুলোর একটি ওয়াল স্ট্রিটের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা (সিইও) পদে প্রথম নারী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জেন ফ্রেজার। এর আগে ফোর্বসের শীর্ষ ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকায় ৩২ নম্বর স্থানে জায়গা করে নিয়েও আলোচনায় এসেছিলেন ৫৭ বছর বয়সি জেন ফ্রেজার।

সিটি গ্রুপের প্রেসিডেন্ট ও রিটেইল ব্যাংকিং প্রধানের দায়িত্ব পালন করা এই নারীর নাম বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিটি গ্রুপ ঘোষণা করে। আট বছর দায়িত্ব পালনের পর প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা মাইকেল করব্যাট অবসর নিতে যাচ্ছেন। প্রতিষ্ঠানটির আর্থিক সংকট চলাকালে ২০১২ সালে অবস্থার উত্তরণের জন্য করব্যাটকে নিয়োগ দেওয়া হয়। ফেব্রুয়ারিতে তিনি অবসরে গেলে তার জায়গায় অধিষ্ঠিত হবেন জেন ফ্রেজার। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী সপ্তাহে নতুন ব্যাংকিং রিটেইল কর্মকর্তার নাম ঘোষণা করবে। গত ১৬ বছর ধরে সিটি গ্রুপে কাজ করছেন জেন ফ্রেজার। গত বছর প্রেসিডেন্ট হিসেবে ফ্রেজারের পদোন্নতির পরই জল্পনা শুরু হয়—তিনিই হতে যাচ্ছেন ওয়াল স্ট্রিটের ভবিষ্যত্ প্রধান কর্তাব্যক্তি।—ডেইলি মেইল