মানচিত্র থেকে রোহিঙ্গা গ্রাম মুছে দিয়েছে মিয়ানমার

রাখাইনে ২০১৮ সালের আগস্টের পর রোহিঙ্গাদের গ্রাম কান কিয়ায় আগুন দেওয়ার পর পুরো গ্রাম মাটিতে মিশিয়ে দিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী। এবার সরকারি মানচিত্র থেকেও গ্রামটিকে মুছে ফেলেছে মিয়ানমার। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জাতিসংঘের তথ্য অনুযায়ী গত বছর মিয়ানমার সরকার যে নতুন মানচিত্র তৈরি করেছে, তাতে কান কিয়া গ্রামের নাম নেই। নাফ নদী থেকে প্রায় তিন মাইল দূরের কান কিয়া গ্রামটিতে কয়েক শ মানুষের বসবাস ছিল। ২০১৭ সালে নিধন অভিযানের পর রাখাইন থেকে ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রায় ৪০০ রোহিঙ্গা গ্রামে নিধন অভিযান চালায় মিয়ানমার সেনাবাহিনী। এর মধ্যে একটি কান কিয়া।

স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যায়, কান কিয়া গ্রামটি আগে যেখানে ছিল সেখানে এখন বেশ কয়েকটি সরকারি ও সামরিক ভবন গড়ে উঠেছে। গুগল আর্থের ছবিতে পুলিশ ঘাঁটির জন্য দেওয়া আঁকাবাঁকা বেড়াও দেখতে পাওয়া যায়। ‘প্ল্যানেট ল্যাব’ থেকে রয়টার্সের কাছে সেখানকার কয়েকটি ছবি পাঠানো হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের ঐ গ্রামটিতে আগে থেকেই বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। গ্রামটি এতোই ছোট যে গুগল ম্যাপেও এটি চোখে পড়তো না।