দৈনিক সংক্রমণে ভারতের রেকর্ড, সাড়ে ৯৬ হাজার আক্রান্ত

ভারতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিদিন বেড়েই চলছে। বাড়তে বাড়তে গতকাল তা পৌঁছে গেছে সাড়ে ৯৬ হাজারে। এর জেরে ৪৫ লাখ ছাড়িয়ে গেল ভারতে মোট আক্রান্তের সংখ্যা। সংক্রমণের হারও ৮ শতাংশের ওপরেই রয়েছে। দেশে দৈনিক মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২৪ ঘণ্টায় দেশে ৯৬ হাজার ৫৫১ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি। ঐ সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৬ হাজার ৩৫৩ ও ২৭ হাজার ৬৯০ জন। ভারতের সংক্রমণ বৃদ্ধি ঐ দুই দেশের তুলনায় প্রায় তিন গুণ হয়ে গেছে। এই ধারা গত প্রায় এক মাস ধরে অব্যাহত। সাড়ে ৯৬ হাজার বৃদ্ধির জেরে ভারতে মোট আক্রান্ত ৪৫ লাখ ৬২ হাজার ৪১৪ জন। প্রথম স্থানে থাকা আমেরিকায় মোট আক্রান্ত ৬৩ লাখ ৯৬ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ৪২ লাখ ৩৮ হাজার। -আনন্দবাজার পত্রিকা