মনপুরায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৬ বছরের এক কিশোরী। এই ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চার জনকে আটক করে। তবে গতকাল শুক্রবার সকালে ঐ কিশোরীকে দিয়ে আটককৃতদের শনাক্তকরণ শেষে এদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার কিশোরী পাঁচ জনকে আসামি করে থানায় মামলা করেছে। জড়িতদের তিন জনকে পুলিশ গ্রেফতার করতে পারলেও অপর দুই আসামি এখনো পলাতক। গ্রেফতার হওয়া আসামিরা হলেন—শাকিব, করিম, জোবায়ের। পলাতক আসামিরা হলেন—শামীম ও রুবেল। এদের সবার বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে।
সোমবার রাতে টয়লেটে যাওয়ার জন্য বের হলে পাঁচ জন মিলে তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। ভোরে তারা ঐ কিশোরীকে হাত-পা বাঁধা অবস্থায় রেখে চলে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। ধর্ষণের ঘটনাটি প্রথমে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয়। পরে বৃহস্পতিবার পুলিশ জানতে পারলে কিশোরীকে পুলিশি হেফাজতে নিয়ে ধর্ষণের সঙ্গে জড়িত আসামিদের ধরতে রাতভর অভিযান চালিয়ে চার জনকে আটক করে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে চার জনকে আটক করে। ঐ কিশোরী বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মামলা করেছে। আটককৃত তিন জনকে কিশোরী শনাক্ত করায় গ্রেফতার দেখানো হয়েছে। পলাতক অপর দুই আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।