মারামারি থামাতে গিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবলের মৃত্যু

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে ম্যাজিক গাড়ি ও ইজিবাইক চালক দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. নুরুল ইসলাম মোল্লা (৬০)। এ সময় তার ছোট ভাই মো. জবেদ মোল্লা আহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে রিপন মোল্লা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, সকালে সাগরকান্দা এলাকায় ম্যাজিক গাড়ির চালকরা পূর্ব জৌসার গ্রামের এক ইজিবাইক চালককে মারধর করে। এর জের ধরে সন্ধ্যার পর ঐ গ্রামের সরকারবাড়ি এলাকায় দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় নুরুল ইসলাম ও তার ভাই থামাতে যান। এক পর্যায়ে নুরুল ইসলামকে অচেতন অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। আসামি গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বলে জানান তিনি।