সব ছাপিয়ে কোচদের প্রিমিয়ার লিগ?

নেয়ামত উল্লাহ

সাম্প্রতিক সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগ তারকাহীনতায় ভুগছে। তবে মাঠের এই ম্লান ভাবটা ডেকে যাচ্ছে ডাগআউটে থাকা কোচদের রোশনাইয়ে। য়ুর্গেন ক্লপ, পেপ গার্দিওলা, হোসে মরিনহো, কার্লো অ্যানচেলোত্তিদের সঙ্গে মার্সেলো বিয়েলসার উপস্থিতি আভাস দিচ্ছে আজ শুরু হতে যাওয়া  প্রিমিয়ার লিগে স্মরণকালের শ্রেষ্ঠ কৌশলযুদ্ধের।

ক্লপের অধীনে লিভারপুলের বদলে যাওয়াটা চলছে কয়েক মৌসুমজুড়েই। একসময়ের ঐতিহ্যবাহী দলটিকে ইউরোপসেরা করার পর অধরা প্রিমিয়ার লিগ শিরোপাও জিতিয়েছেন জার্মান এই কোচ। এসবই সম্ভব হয়েছে তার মস্তিষ্কপ্রসূত কৌশল ‘গেগেনপ্রেসিং’ এর সুবাদে। আজ বিয়েলসার লিডস ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম পরীক্ষা তার।

লিভারপুলের কৌশলে ছোটখাটো পরিবর্তন এসেছে প্রতি মৌসুমেই। গেলবারই যেমন প্রয়োজনে শক্তি ধরে রেখে, খেলার তীব্রতা বাড়িয়ে-কমিয়ে বাড়িয়েছেন দলের কার্যকারিতা। তাতে ভর করেই তো এলো প্রিমিয়ার লিগ শ্রেষ্ঠত্ব!

সে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে চলতি মৌসুমে আরো উদ্ভাবনী কিছুই প্রয়োজন ক্লপের। কারণ প্রতিপক্ষ ডাগআউটে যে গার্দিওলা, মরিনহোদের মতো চ্যাম্পিয়ন কোচদেরই পাচ্ছেন তিনি!

ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলাও নিত্যনতুন কৌশলে দলকে বাজিয়ে দেখার জন্য বিখ্যাত। শেষ সাত মৌসুমে চ্যামিপয়ন্স লিগে সেটা কার্যকর না হলেও ঘরোয়া লিগে যে দারুণ কাজে দিচ্ছে তার প্রমাণ বায়ার্ন মিউনিখ ও সিটির হয়ে সাত মৌসুমে জেতা পাঁচ শিরোপা। গেল মৌসুমে শুধু কারাবাও কাপ জিতেছেন তিনি। সঙ্গতকারণেই লিগ শিরোপা পুনরুদ্ধারের জোর চেষ্টাটাই চালাবেন গার্দিওলা।

ছেড়ে কথা বলবেন না আরেক খুরধার ফুটবলমস্তিষ্ক মরিনহোও। পর্তুগিজ এই তারকা কোচ শেষ লিগ শিরোপা জিতেছিলেন ২০১৩-১৪ মৌসুমে। তবে টটেনহ্যামের ক্ষয়িষ্ণু শক্তি আর দলবদলে প্রায় নিষ্ক্রিয়তা মিলিয়ে তা কতটুকু সম্ভব হবে, তা প্রশ্নসাপেক্ষ।

ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫ বছর পর উঠে আসা লিডস ইউনাইটেড শক্তি-সামর্থ্যে সিটি-লিভারপুলের ধারের কাছেও নেই। তবুও আলোচনায় আছে তারা, কোচ আর্জেন্টাইন মার্সেলো বিয়েলসা বলে। তার অধীনে দলটা শিরোপাপ্রত্যাশীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।

দলবদল মৌসুমে শোরগোল ফেলে দেওয়া চেলসি এবার শিরোপার লড়াইয়ে আঁটঘাট বেঁধেই নামছে। দলটির দায়িত্বে আছেন কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। গেল মৌসুমে প্রায় অনভিজ্ঞ এক দল নিয়ে শীর্ষ চার নিশ্চিত করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন দলটির সাবেক এ তারকা। একই কথা প্রযোজ্য ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গুনার সোলসারের ক্ষেত্রেও। প্রায় দুই মৌসুম দায়িত্বে থাকা এই কোচের দলটিও এবার শিরোপার বড় দাবিদার হতে পারে। 

এদিকে আর্সেনালেও সাবেক ক্লাব অধিনায়ক মিকেল আর্তেতা আছেন কোচ হিসেবে। এক মাসের ব্যবধানে গানারদের দুই শিরোপা জেতানো আর্তেতাও নজরে থাকবেন অনেকের। উদ্বোধনী দিনের অপর খেলায় তার দলের প্রতিপক্ষ ফুলহ্যাম।

এছাড়া লেস্টার সিটিতে ব্রেন্ডন রজার্স, এভারটনে কার্লো অ্যানচেলত্তি, ওয়েস্ট হ্যামে ডেভিড ময়েস, উলভারহ্যাম্পটনে নুনো এস্পিরিতো সান্তো ও ক্রিস্টাল প্যালেসে আছেন সাবেক ইংল্যান্ড কোচ রয় হজসন। ফলে সব ছাপিয়ে এবারের প্রিমিয়ার লিগটা কোচেদের কৌশলযুদ্ধের মঞ্চ হয়ে যাওয়ার সম্ভাবনাই দেখাচ্ছে আপাতত।