স্পোর্টস রিপোর্টার
তার প্রথম দল কলকাতা নাইট রাইডার্স সেই ২০১৪ সালে শিরোপা জয়ের পর আর আইপিএল ফাইনাল খেলতে পারেনি। অবশেষে শাহরুখ খানের মুখে হাসি এনে দিল ত্রিনবাগো নাইট রাইডার্স। সেন্ট লুসিয়াকে হারিয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সকে এনে দিলেন সিপিএল শিরোপা।
অষ্টম আসরের ফাইনালে বৃহস্পতিবার ৮ উইকেটে জিতেছে কাইরন পোলার্ডের দল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সফলতম দল ত্রিনবাগোর এটি চতুর্থ শিরোপা।
টপ অর্ডারের ব্যাটে বড় সংগ্রহের আশা জাগিয়েছিল সেন্ট লুসিয়া। ৩০ রানে ৪ উইকেট নিয়ে তাদের ১৫৪ রানে গুটিয়ে দেন অধিনায়ক পোলার্ড। রান তাড়ায় দ্রুত ২ উইকেট হারানো দলকে ১৩৮ রানের জুটিতে পথ দেখান সিমন্স ও ব্রাভো। তাদের দুই ফিফটিতে ১১ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ত্রিনবাগো। ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই রাকিম কর্নওয়ালকে হারায় সেন্ট লুসিয়া। আরেক ওপেনার মার্ক ডিয়ালের সঙ্গে আন্দ্রে ফ্লেচারের জুটিতে এগিয়ে যায় দলটি।
রোস্টন চেইস ও নাজিবউল্লাহ জাদরান ডানা মেলতে শুরু করেছিলেন। নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের থামিয়ে দেন পোলার্ড। সেন্ট লুসিয়ার শেষ ছয় ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কে যেতে পারেননি। ১৭ রানে শেষ পাঁচ উইকেট হারানো দলটি গুটিয়ে যায় পাঁচ বল বাকি থাকতেই। রান তাড়ায় ১৯ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ত্রিনবাগো। সময়ের দাবি মেটাতে নিজেদের একরকম গুটিয়ে রাখেন সিমন্স ও ব্রাভো। একদমই ঝুঁকি নেননি এই দুই ব্যাটসম্যান। ফাইনালের সেরা খেলোয়াড় সিমন্সের ৪৯ বলে খেলা ৮৪ রানের ইনিংসটি গড়া আট চার ও চার ছক্কায়। বাউন্ডারিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়া ব্রাভো ৪৭ বলে ছয় ছক্কা ও দুই চারে করেন ৫৮ রান।