অ্যামাজনের গহীন অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসীদের আবাসস্থলের কাছে গিয়ে বুকে তিরবিদ্ধ হয়ে মারা গেছেন ব্রাজিলের শীর্ষ এক বিশেষজ্ঞ। খবর বিবিসির
রাইলি ফ্রান্সিসকাতো (৫৬) নামের এই বিশেষজ্ঞ ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলের রনডোনিয়া রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বুধবার মারা গেছেন। দেশটির সরকারের আদিবাসীবিষয়ক সংস্থা ফুনাইয়ের কাজের অংশ হিসেবে অ্যামাজনের অরণ্যে উপজাতি একটি গোষ্ঠীর কার্যক্রম পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ফ্রান্সিসকাতো এবং তার দল অ্যামাজনের একটি আদিবাসী গোষ্ঠীর কাছে পৌঁছানোর পর আক্রান্ত হন। সরকারি এই প্রতিনিধি দলের সঙ্গে পুলিশও ছিল। আদিবাসীরা চড়াও হলে তিনি পুলিশের একটি গাড়ির পেছনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি। আদিবাসীদের ছোড়া তির ভেদ করে ফ্রান্সিসকাতোর বুক। প্রত্যক্ষদর্শী এক পুলিশ কর্মকর্তা বলেছেন, বুক থেকে তিরটি অপসারণ করতে সক্ষম হয়েছিলেন ফ্রান্সিসকাতো। তিরটি তার বুকের ওপরের অংশে বিদ্ধ হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক অডিও বার্তায় ঐ কর্মকর্তা বলেন, তিনি কান্না করছিলেন, বুক থেকে তিরটি বের করে ফেলেছিলেন। তারপর প্রায় ৫০ মিটার দূরে গিয়ে ঢলে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঐ অঞ্চলের আলোকচিত্রী গ্যাব্রিয়েল উচিডা ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেন, কৌতারিও রিভার বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর জীবনাচরণ পর্যবেক্ষণে ফ্রান্সিসকাতো সেখানে গিয়েছিলেন। গ্যাব্রিয়েল উচিডাও ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেন, এই গোষ্ঠীটি সেখানে শান্ত ছিল। কিন্তু হঠাত্ করেই তাদের সশস্ত্র পাঁচ জনের একটি দল এসে হামলা চালায়।