নির্বাচন প্রক্রিয়াকে জাদুঘরে পাঠানোর জন্য সরকার সব আয়োজন সম্পন্ন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ১২ বছর নিরবচ্ছিন্ন সংগ্রাম করছি গণতন্ত্র ফেরানোর জন্য। এক্ষেত্রে সর্বোচ্চ থেকে তৃণমূল নেতাদের কেউ কেউ ৫০ থেকে ২৫০-৩০০টি মামলা নিয়ে এই সংগ্রামে অংশ নিচ্ছে। আমরা এসব উপনির্বাচনকে সংগ্রামের অংশ হিসেবে নিয়েছি। গতকাল শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপনির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে এ কথা বলেন। সকাল ৯টা থেকে ধানের শীষ, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়। পরে মনোনয়ন প্রত্যাশীরা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে মনোনয়নপত্র জমা দেন।
এসময় রিজভী বলেন, দেশে ভয়ংকর দুঃশাসনের মধ্যে গণতন্ত্র প্রসারণের জন্য আমরা যেখানে যতটুকু সুযোগ পাব সেটা ব্যবহার করব। তিনি বলেন, সরকার তার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নানাকিছু করতে পারে। আমাদের বিশ্বাস ও আস্থার জায়গা জনগণ। আমরা জনগণের শক্তির ওপর ভর করে এই উপনির্বাচনে অংশগ্রহণ করছি। রিজভী বলেন, যদি ক্ষমতাসীনরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ওপর অত্যাচার করে তাদের হয়তো সাময়িক লাভ হতে পারে। কিন্তু পরিশেষে জনগণের শক্তিরই চূড়ান্ত বিজয় হবে। সেই লক্ষ্যে আমরা এগুচ্ছি, ইনশাআল্লাহ উপনির্বাচনে বিএনপি বিজয়ী হবে।