দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশি সংগ্রাহকদের একটি প্ল্যাটফর্মে পরিচয় করিয়ে দিতে প্রকাশিত হলো ‘বাংলাদেশ কালেকটরস ডিরেক্টরি-২০২০’। গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু নভোথিয়েটারের সেমিনার হলে এর প্রকাশনা অনুষ্ঠান আয়োজিত হয়। শখ ও সৌখিনতায় মানুষ সংগ্রহ করে নানান রকম জিনিসপত্র। মুদ্রা, ব্যাংকনোট, ডাকটিকিট, ম্যাচবক্স, এন্টিক তৈজসপত্রসহ মানুষের সংগ্রহের তালিকায় থাকে বিচিত্র নানা জিনিস। সংগ্রহ করা হয় এমন প্রতিটি বস্তুরই একটি নিজস্ব ইতিহাস ও ঐতিহ্যের গল্প রয়েছে। মুদ্রা, ডাকটিকিট, ব্যাংকনোট, ম্যাচবক্স কিংবা এন্টিক জিনিসপত্র সংগ্রহের অসংখ্য বাংলাদেশি সংগ্রাহক রয়েছেন। তাদের পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের সংগ্রহ জগতের অন্যতম ব্যক্তিত্ব রবিউল ইসলাম এবং ম্যাচবক্স সংগ্রাহক ও ডিজাইনার সাকিল হকের উদ্যোগে এই কালেক্টরস ডিরেক্টরি প্রকাশিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আকবর হোসেন, বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাবের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ইকবাল মজিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কালেক্টরস ডিরেক্টরির ব্যবস্থাপনা সম্পাদক ও সংগ্রাহক রাসেল রহমান শিমুল।
এবারের সংখ্যায় পাঁচ শতাধিক সংগ্রাহকের পরিচয় ছাপা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে প্রকাশনা অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে আসা সংগ্রাহকরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২০১৫ সালে সর্বপ্রথম ‘বাংলাদেশ কালেক্টরস ডিরেক্টরি’ প্রকাশিত হয়। তৃতীয়বারের মতো এটি প্রকাতি হলো।