কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত ইসরাইল-বাহরাইন

সংযুক্ত আরব আমিরাতের পর এবার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে বাহরাইন। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানান। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও বাহরাইনের এক যৌথ বিবৃতিতেও পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কথা জানানো হয়। খবর আলজাজিরার।

যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় ইসরাইল ও বাহরাইন সম্পর্ক স্থাপনে সম্মত হয়। গত মাসে আমিরাত ও ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছিল। বিবৃতিতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এই পদক্ষেপ ঐতিহাসিক বলে উল্লেখ করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউজে ইসরাইল এবং আমিরাতের সঙ্গে চুক্তিতে বাহরাইনও যোগ দেবে। ট্রাম্প বলেন, এত দ্রুত যে ইসরাইল-বাহরাইনের সম্পর্কটা এমন হবে তা সত্যিই আশ্চর্যের। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) বলেছে, বাহরাইন-ইসরাইল চুক্তি ফিলিস্তিনিদের পিঠে আরেকটি ছুরিকাঘাত।