রাজধানীতে গতকাল শুক্রবার ছুটির দিনে অনুষ্ঠিত হলো দুটি নাটকের প্রদর্শনী। এর মধ্য দিয়ে প্রাণ ফিরল মঞ্চে। বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে জাগরণী থিয়েটারের নাটক ‘রাজার চিঠি’। অন্যদিকে কাঁটাবনের নিজস্ব মহড়া কক্ষে মহলা লগন শীর্ষক মাসব্যাপী উঠান নাটক মেলায় মঞ্চস্থ হয়েছে ‘দ্য ডাম্ব ওয়েটার’। সামাজিক দূরত্ব বজায় রেখে নাটক দুটি উপভোগ করেছেন দর্শকরা।
‘রাজার চিঠি’ নাটকটি লিখেছেন মাহফুজা হিলালী। রামিজ রাজুর সংগীতে নাটকটিতে কোরিওগ্রাফ করেছেন অনিকেত পাল বাবু। একটি চিঠিকে কেন্দ করে আবির্ভূত হয়েছে নাটকের কাহিনী। ১৯৩৯ সালে শাহজাদপুরের শ্রী হরিদাস বসাকের একটি চিঠির উত্তরে চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই ঘটনাকে ঘিরেই মর্মস্পর্শী গল্প উঠে আসে। উঠে আসে ৪৭ এর দেশভাগ, মুক্তিযুদ্ধ। নাটকটির ৩৩তম প্রদর্শনীর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—স্মরণ সাহা, শাহানা জাহান সিদ্দিকা, বাহারুল ইসলাম, রুকুনুজ্জামান আপেল, জুলিয়েট সুপ্রিয়া সরকার, ইয়াসিন শামিম, রফিকুল ইসলাম, রিপা হালদার, পল্লব সরকার, মো. আকাশ মিয়া, আবেদা আক্তার তৃপ্তি, শ্রাবণ সূত্রধর, মীম, সাবেকুন নাহার মুন, বিধান বিশ্বাস, ইমন, আরিফ, ফিরোজ প্রমুখ।
এদিকে, গত ৪ সেপ্টেম্বর থেকে কাঁটাবনের মহড়া কক্ষে নাট্যমেলার আয়োজন করেছে নাট্যদল প্রাচ্যনাট। সেখানে শুক্রবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় হ্যারল্ড পিন্টারের রচনা থেকে রবিউল আলম অনূদিত এবং শওকত হোসেন সজিব নির্দেশিত নাটক ‘দ্য ডাম্ব ওয়েটার’। আজ শনিবার সন্ধ্যায়ও একই স্থানে নাটকটির আরেকটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই নাট্যমেলার আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর সাইফুল জার্নালের রচনা ও নির্দেশনায় ‘হানড্রেড বাই হানড্রেড’ মঞ্চস্থ হবে। প্রতি প্রদর্শনীতে ২০ জন দর্শকের নাটক দেখার সুযোগ থাকছে।