সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলানিউজের ইকরাম

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাংলানিউজের সিনিয়র করসপন্ডেন্ট ইকরাম-উদ-দৌলা গুরুতর আহত। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর খিলক্ষেত থানা এলাকার লা মেরিডিয়ান হোটেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ যাত্রীবাহী বাসটি জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী পথচারীরা জানান, খিলক্ষেত লা মেরিডিয়ানের সামনের এলাকায় উত্তরা থেকে বনানীগামী সড়ক হয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ইকরাম। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি বাস ইকরামের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকের বরাতে ঢামেক হাসপাতালে উপস্থিত বাংলানিউজের সিনিয়র করসপন্ডেন্ট আবাদুজ্জামান শিমুল জানান, ইকরামের পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি চিকিত্সাধীন আছেন।