চীনের শিনজিয়াং প্রদেশে লাখ লাখ উইঘুর মুসলিমকে আটকে রেখেছে দেশটির সরকার। বন্দিশিবিরে আটক মুসলিমদের নির্মম অত্যাচারের কথা বহুবার বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমের খবরের শিরোনাম হয়েছে। সম্প্রতি এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মামাত্তুরসান ওমর (২৯) নামে এক উইঘুর মুসলিম ২০১৭ সালে চীনের বন্দিশিবিরে বন্দি হয়ে থাকার ঘটনা বর্ণনা করেছেন।
তিনি জানান, চীনের চাপিয়ে দেওয়া অপরাধ স্বীকার না করা পর্যন্ত তিনি নির্যাতনের শিকার হন। প্রায় একবছরে ধরে বন্দিশিবিরে আটক থাকার পর তিনি মুক্তি পান। বর্তমানে তিনি তুরস্কে বাস করছেন।
তিনি আরো জানান, তাকে হুমকি দেওয়া হচ্ছে। এবং তিনি ভয় পাচ্ছেন যে চীনা সরকার তাকে খুন করে ফেলবে।
চীনা সরকারের নির্মম অত্যাচার ও বন্দিশিবিরে আটকে রাখার প্রেক্ষিতে আন্তর্জাতিক আদালতে চীনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অন্তত ২৪ জন উইঘুর মুসলমান।
ওই ২৪ জনের ভাষ্য, তারা অন্যান্য উইঘুরের পক্ষ হয়ে কথা বলছেন। প্রতিবেদনে বলা হয়েছে, সংখ্যালঘু মুসলিম হওয়ার কারণে তারা চীনা কারাগারে 'নির্যাতনের' শিকার হয়েছেন। উইঘুর মুসলিমদের বেশিরভাগই চীনের শিনজিয়াং প্রদেশে বসবাস।
এছাড়া সাক্ষাৎকারে ওমর চীনের বন্দিশিবিরে অন্যান্য মুসলিমদের ওপর যে নির্মম অত্যাচার চালানো হচ্ছে সে কথাও জানান। তিনি বলেন, আমি দেখি নি, কিন্তু করিডোরের চারপাশ থেকে প্রবল আর্তনাদের চিৎকার শুনতে পেতাম।
ওই প্রদেশের লাখ লাখ মুসলিমকে বিভিন্ন বন্দিশিবিরে আটকে রেখে তাদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালাচ্ছে চীন। তবে চীন এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। তাদের দাবি তারা উইঘুর মুসলিমদের ক্যাম্পে 'শিক্ষা' ও চাকুরীর প্রশিক্ষণ দিচ্ছে।
ইত্তেফাক/এসআর