করোনা টিকা নিয়ে বাড়ছে উদ্বেগ, ভলান্টিয়ার নিয়োগ বন্ধ

বহুল প্রত্যাশিত অক্সফোর্ডের করোনার টিকায় এক স্বেচ্ছাসেবকের শারীরিক জটিলতা দেখা দিয়েছে। এতে করে সেই টিকার পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। এছাড়া টিকা গ্রহণে স্বেচ্ছাসেবক নিয়োগও বন্ধ রয়েছে।

কলকাতা২৪- এর খবরে বলা হয়, অক্সফোর্ডের করোনার টিকার ট্রায়াল চলছিল ভারতের সেরাম ইন্সটিটিউটে। সেখানে স্বেচ্ছাসেবক নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিয়োগ বন্ধ থাকবে।

সিরাম ইন্সটিটিউটকে নির্দেশ দেওয়া হয়েছে, করোনা টিকার পরীক্ষার সময় স্বেচ্ছাসেবকদের সুরক্ষার দিকে আরও বেশি গুরুত্ব দিতে। 

ভারত ও ইংল্যান্ডের ডেটা অ্যান্ট সেফটি মনিটরিং বোর্ডের ছাড়পত্র জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে, তারপর ডিজিসিআই সিদ্ধান্ত নেবে, টিকা পরীক্ষার আগামী স্বেচ্ছাসেবক নিয়োগ কবে থেকে শুরু হবে।

বিবিসির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফারগাস ওয়ালশ জানিয়েছেন, এই টিকার সব ধরণের আন্তর্জাতিক পরীক্ষা স্থগিত থাকবে, যতদিন না স্বতন্ত্র একজন পরীক্ষক এর নিরাপত্তার বিষয়গুলো যাচাই করে দেখবেন। এরপর তদারকি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন যে, পুনরায় পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে কি না।

অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন মুখপাত্র জানিয়েছেন, বড় ধরণের পরীক্ষায় অনেক সময় অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে। তবে সেটা অবশ্যই স্বতন্ত্র একজন পরীক্ষককে সতর্কভাবে যাচাই করে দেখতে হবে।

ইত্তেফাক/জেডএইচ