স্মার্ট প্রি-পেমেন্ট মিটারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে : নসরুল হামিদ

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ওয়াদা ছিল বিতরণ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের মাধ্যমে নড়াইলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। 

শনিবার বিকালে নড়াইলে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা।  

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ওয়াদা ছিল বিতরণ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের মাধ্যমে নড়াইলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে বলে আমি আশা করি। 

তিনি বলেন, নড়াইলে পর্যায়ক্রমে ভূ-গর্ভস্থ লাইন স্থাপনের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. সুলতান আহমেদ, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন, নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, পুলিশ সুপার  মোহাম্মদ জসিম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, প্রকল্প পরিচালক  প্রকৌশলী মো. শহীদুল আলম প্রমুখ।


ইত্তেফাক/ইউবি