এম শাহীন আল আমীন, বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
সংযোগ সড়ক না থাকায় বকশীগঞ্জ-মেরুরচর সড়কের আউলপাড়া নামক স্থানে এলজিইডির আওতাধীন ব্রিজটি জনসাধারণের কাজে আসছে না। ফলে ১০ গ্রামের মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। জানা গেছে, বকশীগঞ্জ উপজেলায় ২০১৭ সালের বন্যায় আউলপাড়া নামক স্থানে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। ২০১৮ সালের বন্যায় ব্রিজটি পুরোপুরি ভেঙে যায়। ফলে উপজেলা সদরের সঙ্গে মেরুরচরসহ আশপাশের ১০ গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে এলজিইডির অর্থায়নে ২০১৮ সালে উল্লেখিত স্থানে ২২ মিটার দীর্ঘ নতুন একটি ব্রিজের নির্মাণকাজ শুরু হয়। ২০২০ সালের মাঝামাঝি সময়ে ব্রিজটির নির্মাণকাজ শেষ হয়। নির্মাণকাজ শেষ হলেও ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। দুই পাশের সংযোগ সড়ক না থাকায় বর্তমানে ব্রিজটি ব্যবহার করতে পারছে না জনসাধারণ। ফলে মেরুরচর, ফকিরপাড়া, কলকিহারা, বাগাডুবা ও কাছিমারচর গ্রামসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হয়ে আসছে। একই কারণে নানা পরিবহন চলাচলেও দারুণ বিঘ্ন ঘটছে। কৃষকরা তাদের কৃষিপণ্য বেচাকেনার জন্য হাটবাজারে যাতায়াতে দুর্ভোগের শিকার হচ্ছেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, ব্রিজটির নির্মাণকাজ শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বুঝিয়ে দেননি। ফলে দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। কাজ বুঝিয়ে দিলেই দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মাণকাজ শুরু হবে।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ স ম জামশেদ খোন্দকার বলেন, সমস্যাটি সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আশা করি স্বল্প সময়ের মধ্যে সমাধানও হবে।