গফরগাঁও রেল স্টেশন
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
করোনা পরিস্থিতির কারণে প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে অন্য সব রেলওয়ে স্টেশনের মতো গফরগাঁওয়েও কাউন্টারের মাধ্যমে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে বিক্রি শুরু হলেও প্রথম দিনেই অধিকাংশ যাত্রী ট্রেনের টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
স্টেশনের কাউন্টারে গিয়ে দেখা যায়, দুইটি কাউন্টারের একটি বন্ধ। বাকি একটি কাউন্টারের সামনে যাত্রীদের ভিড়। অধিকাংশ যাত্রী স্বাস্থবিধি মানছেন না। কাউন্টার খোলার ৩০/৩৫ মিনিটের মধ্যে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর আজকের দিনের টিকিট শেষ হয়ে যায়। অনেক যাত্রীকে আসনযুক্ত অথবা আসনবিহীন টিকিটের জন্য কাউন্টারের সামনে ভিড় করতে দেখা যায়। প্রথমেই লাইনে দাঁড়িয়ে টিকেট কাটতে পেরেছেন সৌভাগ্যবান কিছু যাত্রী।
উপজেলার ধাইরগাঁওয়ের ব্যবসায়ী সুমন মিয়া (৩৬) বলেন, কাউন্টারে টিকিট বিক্রির ব্যবস্থা চালু হওয়ায় সাধারণ যাত্রীরা খুশি। কাউন্টার থেকে ট্রেনের টিকিট প্রত্যাশী উপজেলার ভারইল গ্রামের হারুন অর রশিদ (২২), ঘাগড়া গ্রামের ইব্রাহিম খলিল (২৮) টিকিট না পেয়ে হতাশ হয়ে বলেন, আমরা যারা টিকিট ক্রয় করতে এসেছিলাম তাদের অধিকাংশই টিকেট না পেয়ে ফিরে যাচ্ছেন। গফরগাঁও রেলওয়ে স্টেশনের সহকারী বুকিং ক্লার্ক আহমেদ মুকিত বলেন, নির্ধারিত সময় সকাল আটটায় আমরা টিকিট বিক্রি শুরু করতে পারিনি। প্রথম দিনেই আসনবিহীন টিকিট ক্রয়ের জন্য যাত্রীদের অনেক ভিড় ও চাপ ছিল। নিয়ম না থাকায় আসনবিহীন টিকিট বিক্রি করা হয়নি।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম জানান, প্রজ্ঞাপন অনুযায়ী এ স্টেশনের জন্য বরাদ্দকৃত আন্তঃনগর ট্রেনগুলোর আসনের শতকরা ২৫ ভাগ টিকিট আজ কাউন্টার থেকে বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে আবার শতকরা ২% টিকিট রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য সংরক্ষিত। আমরা স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে ট্রেনের টিকিট বিক্রির চেষ্টা করছি।