চট্টগ্রামে প্রাইম মুভারচালকদের কর্মবিরতি স্থগিত

চট্টগ্রাম অফিস

একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে কনটেইনার পরিবহনকারী প্রাইম মুভারচালক ও সহকারীদের চাকরিচ্যুতির প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে সংশ্লিষ্ট শ্রমিক সংগঠন। তবে গতকাল রাত ৮টায় সংগঠনের সভাপতি ম. মাইন উদ্দিন ইত্তেফাককে জানান, আজ রবিবার বেলা ১১টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে। ১১টায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে তাদের বৈঠক হবে। তিনি আরো জানান, এসএম ট্রান্সপোর্টের প্রাইম মুভার ছাড়া অন্যান্য কোম্পানির যানবাহন যথারীতি চলাচল করবে।

এর আগে শনিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের এ কর্মবিরতি শুরু করে প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়ন। কর্মবিরতির ফলে চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি কন্টেইনার ডিপো (অফডক) থেকে রফতানি পণ্য ভর্তি কনটেইনার চট্টগ্রাম বন্দরে আনা এবং বন্দর থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার ডিপোতে সরাসরি নেওয়া বন্ধ হয়ে যায়।  প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়নের সভাপতি ম. মাইন উদ্দিন বলেন, সীতাকুণ্ডে এস এম ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে দুপুরে ইউনিয়ন নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। আলোচনায় কোনো সুফল না আসায় কর্মবিরতি চলবে। তিনি জানান, আমাদের দাবি হচ্ছে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন, কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই কাজ থেকে বিরত না রাখা এবং ছাঁটাই করা ২৩ জন প্রাইম মুভার ট্রেইলারচালককে চাকরিতে পুনর্বহাল।