রংপুরে ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে শনিবার সকালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সুলতান মিয়া (৭০) নিহত হয়েছেন। নগরীর হাজিরহাট থানার নজিরেরহাট এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুলতান মিয়া নজিরেরহাট এলাকার বাসিন্দা। বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ছেলে ও নাতিকে নিয়ে নজিরেরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত তার ছেলে রনি আহমেদ ও নাতিকে (১০) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাজিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, চালক পালিয়ে গেলেও ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।