খুলনা অফিস
সামাজিকভাবে বয়কট করার জন্য ধর্ষকদের বাড়িতে লাল পতাকা উত্তোলনের দাবি জানিয়েছে ‘জনউদ্যোগের নারী সেল’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার সকালে জনউদ্যোগের নারী সেলের উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে ধর্ষকদের বিচার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে তারা এ দাবি জানায়।
সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলুর সভাপতিত্বে ও অ্যাডভোকেট মোমিনুল ইসলামের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন খুলনা বিএমএর সভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুলনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দা লুত্ফুন্নাহার, জেপির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন, কমিউনিস্ট পার্টির নারী সেলের আহ্বায়ক সুতপা বেদজ্ঞ, নারী নেত্রী রসু আক্তার, মহিলা পরিষদের পপী ব্যানার্জী, দলিলের ধরা দেবী, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, মহানগর জাসদ সভাপতি খালিদ হোসেন, জনউদ্যোগের সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন প্রমুখ।