সংবাদ সংক্ষেপ

বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা কালিহাতীর পারখী ইউনিয়নের নদীভাঙন ও পানিবন্দি ২০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার আউলিয়াবাদ বাজার বণিক সমিতির সামনে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিল অন্তরা প্রমুখ উপস্থিত ছিলেন।

গৃহহীন পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা সারিয়াকান্দিতে শনিবার বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ কৃষকের মধ্যে সার সবজি ও মাসকলাই বীজ এবং নদীভাঙনে গৃহহীন ৬৭ পরিবারকে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান এগুলো বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ মুনজিল আলী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া প্রমুখ।

স্কাউটের ত্রি বার্ষিক কাউন্সিল

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা কালাই উপজেলার স্কাউটের ত্রি-বার্ষিক কাউন্সিল শনিবার অনুষ্ঠিত হয়েছে। কালাই সরকারি মহিলা কলেজের অডিটরিয়ামে উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন পারভেজের সভাপতিত্বে কাউন্সিলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস কালাই উপজেলার শাখা আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কাজী মোনারুল হাসান প্রমুখ।

খেলাঘর আসরের কর্মী প্রশিক্ষণ কর্মশালা

শেরপুর (বগুড়া) সংবাদদাতা শেরপুরে ভোরের পাখি খেলাঘর আসরের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। ভোরের পাখি খেলাঘর আসরের সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আসাদুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের বগুড়া জেলা কমিটির আহ্বায়ক ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি শাকিল মাহমুদ শামীম, আব্দুল মান্নান প্রমুখ।

ফুলবাড়ীতে বৃক্ষ রোপণ কর্মসূচি

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা ‘মুজিব চেতনায়’ মুজিববর্ষ উপলক্ষ্যে বৃক্ষ রোপণের অংশ হিসেবে শনিবার ফুলবাড়ীতে আওয়ামী লীগ ও তাঁতী লীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুরে সুরেশ পাবলিক লাইব্রেরি চত্বরে পৌর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ফুলবাড়ী শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল।

তালখড়ি গ্রামের সাত মুক্তিযোদ্ধার শহিদ দিবস আজ

মাগুরা প্রতিনিধি আজ ১৩ সেপ্টেম্বর, মাগুরার শালিখা উপজেলার তালখড়ি গ্রামের সাত মুক্তিযোদ্ধার শহিদ দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে পাক বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে সাত বীর মুক্তিযোদ্ধা শহিদ হন। পাকিস্তানি বাহিনী শহিদ মুক্তিযোদ্ধাদের একটি গর্ত খুঁড়ে গণকবর দেয়। গণকবরে একটি স্মৃতি সৌধ নির্মাণ করা হয়েছে।                                                              

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’ এর কমিটি গঠন

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’ এর দ্বি বার্ষিক নির্বাহী কমিটি শনিবার গঠন করা হয়েছে। অ্যাডভোকেট শাহনেওয়াজ খানকে সভাপতি ও আল মামুন সরকার সিহাবকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটি গঠন উপলক্ষ্যে শহরের ডেভিড কোম্পানিপাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিপুল কুমার দাস।

মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা ও খেলাধুলায় উত্সাহিত করার লক্ষ্যে জেলার বিভিন্ন অঞ্চলের ১৬টি দল নিয়ে শনিবার জয়পুরহাটে শুরু হয়েছে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট। জেলা শহরের খনজনপুর মিশন স্কুল মাঠে আয়োজিত মেয়র কাপ ফুটবল টুর্নামন্ট উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।