ইত্তেফাক রিপোর্ট
প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা থোক বরাদ্দ থেকে পরিশোধ করা যাবে। এ বিষয়ে সম্প্রতি অর্থ বিভাগ এক পরিপত্র জারি করেছে। এতে বলা হয়েছে, করোনার কারণে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরকার কৃচ্ছ্রসাধন নীতি অবলম্বন করছে। এ কারণে উন্নয়ন প্রকল্পগুলোর তহবিল বিতরণ স্থগিত হওয়ার কারণে প্রকল্পগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে জটিলতা সৃষ্টি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে ২০২০-২০২১ অর্থবছরের বাজেটের থোক বরাদ্দ আলাদা করা হয়েছে। ২০২০ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত চলমান প্রকল্পগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে দেওয়া যেতে পারে। তবে, কেস-টু-কেস ভিত্তিতে এ বিষয়গুলো পরীক্ষা করার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশ অনুসারে বেতন-ভাতা দিতে হবে। উল্লেখ্য, করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে প্রকল্প বাস্তবায়নে বেশ কিছু বাধ্যবাধকতা আরোপ করে অর্থ মন্ত্রণালয়। জরুরি ছাড়া কম গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থছাড় বন্ধ রাখা হয়। সেই সঙ্গে কৃচ্ছ্রসাধনে আগামী ডিসেম্বর পর্যন্ত সরকারি কাজে নতুন গাড়ি কেনা স্থগিত রাখ হয়। অতি প্রয়োজনীয় না সরকারি কাজে ভ্রমণ ও এ সংক্রান্ত ব্যয় পরিহার করতেও নির্দেশনা দেওয়া হয়।