ইত্তেফাক রিপোর্ট
বিদায়ি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৭টির বা ৬০ দশমিক ২৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর ছিল ৫ দশমিক ৩০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৭ দশমিক ৭০ টাকায়। অর্থাত্ সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৪০ টাকা বা ৪৫ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইন্টারন্যাশনাল লিজিং ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডসের ২৮ দশমিক ৫৯ শতাংশ, ফাস ফাইন্যান্সের ২৮ দশমিক ১৩ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২৭ দশমিক ২৪ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ২৬ দশমিক ৮৫ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ২৪ দশমিক ৩২ শতাংশ, হাক্কানি পাল্পের ২৩ দশমিক ৫৩ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ২৩ দশমিক ২৩ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ২২ দশমিক ৮৪ শতাংশ এবং জিপিএইচ ইস্পাতের শেয়ার দর ২১ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।