জয়ী সূচনায় উচ্ছ্বসিত অজিরা

দ্বিতীয় ওয়ানডে আজ

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজে হারলেও ওয়ানডেতে জয় দিয়েই শুরু করল অস্ট্রেলিয়া। ডানহাতি ব্যাটসম্যান স্যাম বিলিংসের সেঞ্চুরির পরও প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ১৯ রানে হারে স্বাগতিক ইংল্যান্ড। ম্যানচেস্টারে পাওয়া এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী অস্ট্রেলিয়া।

একই সঙ্গে জয় দিয়ে বিশ্বকাপ সুপার লিগ শুরু করতে পারল অজিরা। আজ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। প্রথম ওয়ানডে জিতে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়া দল। অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ‘দারুণ একটা সূচনা পেলাম। সব মিলিয়ে ম্যাচটা উপভোগ্য ছিল। আমরা জানতাম, উইকেট যেমন ছিল তাতে বড় সংগ্রহ দাঁড় করাতে পারলে আমাদের সামনে সুযোগ থাকবে। আমরা সেই সুযোগটাই কাজে লাগাতে পেরেছি। সিরিজ জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’

ম্যানচেস্টারে খেলতে নামার আগে বড় ধরনের ধাক্কাই খায় অস্ট্রেলিয়া। নেটে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পাওয়ায় প্রথম ম্যাচে একাদশের বাইরে ছিলেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। তার পরিবর্তে একাদশে সুযোগ হয় মানার্স লাবুশেনের। স্টিভেন স্মিথের অভাব বোধ করে অস্ট্রেলিয়া। তবে, শুরুর বিপর্যয় এড়িয়ে ১১৯ বলে ১২৬ রানের জুটি গড়ে দলকে বড় স্কোর এনে দেওয়ার পথ তৈরি করে ফেলেন মিশেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। দুজনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে করে ২৯৪ রান।

২৯৫ রানের লক্ষ্যে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ৫৭ রানে চার উইকেট হারায় তারা। শুরুর ধাক্কাটা সামলে উঠেন আরেক ওপেনার জনি বেয়ারস্টো ও ৬ নম্বরে নামা বিলিংস। ১১৬ বলে ১১৩ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরান তারা। তবে, শেষ রক্ষা হয়নি। ইনিংসের শেষ বলে আউট হওয়া বিলিংস সেঞ্চুরি করেও ইংল্যান্ডের হার এড়াতে পারেননি। ১৪টি চার ও দুই ছক্কায় ১১০ বলে ১১৮ রান করেন তিনি। ১০ ওভারে ২৬ রানে তিন উইকেট নেওয়ায় ম্যাচ সেরা হন পেসার জশ হ্যাজেলউড। অ্যাডাম জাম্পাও নেন চার উইকেট।