দ্রুতই অনুশীলনে যোগ দিবেন ডমিঙ্গোরা

স্পোর্টস রিপোর্টার

কোচদের সাহায্য ছাড়াই প্রায় দুই মাস ধরে ব্যক্তিগতভাবে অনুশীলন করে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। ঢাকায় এলেও হেড কোচ রাসেল ডমিঙ্গোকে দেখা যাচ্ছে না মিরপুর স্টেডিয়ামে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের দেওয়া তথ্য অনুযায়ী, দ্রুতই অনুশীলনে দেখা যাবে এই প্রোটিয়া কোচকে। ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মৌখিক অনুমতি পেয়েছে বিসিবি। ১৪ দিন কোয়ারেন্টাইন না করেই মাঠে যেতে পারবেন ডমিঙ্গোরা।

গতকাল বিদেশি কোচদের অনুশীলনে যোগ দেওয়া প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী সাংবাদিকদের বলেছেন, ‘আমরা ইতিবাচক সাড়াই পেয়েছি স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছ থেকে। তবে তারা কিছু ডকুমেন্ট চেয়েছেন। তা আমরা দিয়েছি। আমরা আশা করছি, আগামী দুই-এক দিনের মধ্যে আমরা তাদের অনুমতি পেয়ে যাব।’

করোনায় প্রায় ছয় মাসের ছুটি শেষে গত ৬ সেপ্টেম্বর ঢাকায় এসে পৌঁছেছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক। ঢাকায় নেমে পরদিনই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন দুই কোচ। রিপোর্ট এসেছিল নেগেটিভ। ৮ সেপ্টেম্বর বোলিং কোচ ওটিস গিবসনও ঢাকায় ফিরেন। তার করোনা পরীক্ষার ফলাফলও নেগেটিভ। খুব শিগগিরই ডমিঙ্গো-গিবসনদের দেখা যাবে টাইগারদের অনুশীলনে।