কঙ্গোতে সোনার খনি ধসে অর্ধশত নিহতের আশঙ্কা

 রয়টার্স

কঙ্গোর পূর্বাঞ্চলে কামিতুগা শহরের কাছে একটি সোনার খনি ধসে অন্তত অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে বলে স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন। কয়েক দিনের টানা বৃষ্টিপাতের পর শুক্রবার স্থানীয় সময় বেলা ৩টার দিকে ‘ডেট্রয়েট’ খনি এলাকায় এ ধসের ঘটনা ঘটে।

‘ধসের সময় সুড়ঙ্গের ভেতরে বেশ কয়েক জন খনিশ্রমিক ছিলেন এবং তারা কেউই বের হতে পারেননি। বেশ কয়েক জন মানে, প্রায় ৫০ জন তরুণের কথা বলছি আমরা,” বলেছেন ইনিসিয়েটিভ অব সাপোর্ট অ্যান্ড সোশ্যাল সুপারভিশন অব উইমেনের প্রেসিডেন্ট এমিলিয়ানি ইতোংগোয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দুর্ঘটনার পর ধসে পড়া খনিটির সুড়ঙ্গের প্রবেশমুখে কয়েক শ মানুষকে দেখা গেছে; শোনা গেছে অনেকের কান্না ও বিলাপ।

কঙ্গোর বিভিন্ন অননুমোদিত সোনার খনিতে প্রায় দুর্ঘটনার খবর শোনা যায়। গত বছরের অক্টোবরেও দেশটির অব্যবহূত একটি সোনার খনিতে ভূমিধসের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছিল। ২০১৯ সালের জুনে একটি তামা ও কোবাল্টের খনিতে ধসের ঘটনায় মৃত্যু হয়েছিল ৪৩ জনের।