কলমাকান্দায় ট্রলারডুবি
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় গত বুধবার ট্রলার ডুবির পর গত শুক্রবার দুপুরে নিখোঁজ আরো দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলো রতন মিয়া এবং মনিরা আক্তার। দুই জনের লাশ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার হলদি বিল থেকে উদ্ধার করা হয়। এই নিয়ে ট্রলার ডুবিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২। তবে গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনো লাশ না পাওয়ায় ডুবুরিদের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছিল।
ট্রলার ডুবির ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ বালুবাহী ট্রলার মালিকের পুত্রসহ ৫ জনকে আটক করেছে। আটককৃতরা হলো, বাপন মিয়া, চালক আবাল মিয়া ও সোহাগ রহমান, সহযোগী জাফর মিয়া এবং বাবুর্চি বাদল মিয়া। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। তাদের সকলের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পাটুলি গ্রামে।
যাত্রীবাহী ট্রলার ডুবিতে নিহত সুনামগঞ্জ জেলার ধর্মপাশার ইনাত নগর গ্রামের লুত্ফুন্নাহারের স্বামী আব্দুল ওয়াহাব বাদী হয়ে এই মামলা করেন। আটককৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।