বিশেষ দলের দুর্নীতিবাজদের বাঁচাতে কাজ করছে দুদক — লেবার পার্টির চেয়ারম্যান

বরিশাল অফিস

রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী চিহ্নিত দুর্নীতিবাজ ও লুটেরাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন নয়। তারা একটি বিশেষ দলের দুর্নীতিবাজদের বাঁচাতে কাজ করছে। দুদককে সরকার আইনশৃঙ্খলা বাহিনীর ন্যায় বিরোধীদল ও নেতাদের চরিত্রহননে ব্যবহার করছে। শনিবার দুপুরে নগরীর সিএন্ডবি রোডস্থ কার্যালয়ে লেবার পার্টির সাংগঠনিক মাস-২০২০ উপলক্ষ্যে বরিশাল জেলা ও মহানগর লেবার পার্টির প্রতিনিধি সভায় একথা বলেন তিনি। মহানগর লেবার পার্টির সভাপতি অ্যাডভোকেট আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন লেবার পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন।

বক্তব্য রাখেন জেলা সভাপতি হেলাল উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন, রুহুল আমিন বাচ্চু, নগর প্রচার সম্পাদক ওয়ালী উল্লাহ হাওলাদার, বাংলাদেশ ছাত্রমিশনের সিনিয়র সহসভাপতি নাসরুল্লাহ তালুকদার ও মহানগর যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসেন প্রমুখ।