১০ হাজার কিলোমিটার নৌপথ বাস্তবায়ন করা হবে —নৌ প্রতিমন্ত্রী

বরিশাল অফিস

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, নদীর গতি প্রকৃতি বার বার পরিবর্তন হচ্ছে। একদিন আগে যা দেখে যাচ্ছি তা একদিন পরেই পরিবর্তন হচ্ছে। নৌপথে যে মানুষগুলো যাতায়াত করছে তাদের নিরাপদ রাখতে কাজ করছি। এজন্যই বার বার নদী পর্যবেক্ষণ ও পরিদর্শন করছি আমরা। গতকাল দুপুরে বরিশাল-চাঁদপুর-ঢাকা নৌপথ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, আজকে আমরা ড্রেজিং করছি, কালকে আবার ভরাট হয়ে যাচ্ছে। এটা আমাদের ওপর নির্ভর করে না। এটা নদী গতি প্রকৃতির ওপর নির্ভর করে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশে ১০ হাজার কিলিমিটার নৌপথ বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে দেশের ৫৩টি নদী নিখুঁতভাবে খনন করা হচ্ছে। আর যে নৌপথগুলো আছে সেগুলো মেইনটেনেন্স ড্রেজিং করা হচ্ছে। এখন বৈশ্বিক উষ্ণতার কারণে পানির উচ্চতা বেড়ে গেছে এবং বড় বড় নদীর ওপরে সেতু নির্মাণের কারণে বিভিন্ন জায়গায় পলি পড়ার পরিমাণ বেড়ে গেছে। এছাড়া বিভিন্ন নদীপথ পরিবর্তন হচ্ছে।

এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. রফিকুল ইসলাম, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আব্দুর রহিম, বিআইডব্লিউটিএয়ের বরিশাল বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার, বরিশাল নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক এস এম আজগর আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।