বরগুনার পাথরঘাটায় জেলেদের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ। মাছটি সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার পাথরঘাটা ঘাটের খাজা ফিস আড়ত থেকে মাছটি ক্রয় করেন ইউসুফ মিয়া নামে এক আড়তদার। ইউসুফ মিয়া জানান, তার এক নিকটাত্মীয়ের জন্য আড়াই কেজির ইলিশটি ১ লাখ ২০ হাজার টাকা মণ দরে ৭ হাজার ৫০০ টাকায় কিনেছেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী এস এম সোহাগ জানান, আড়াই কেজি ওজনের ইলিশ সচরাচর দেখা যায় না। তাই এ আকৃতির ইলিশের মূল্য একটু বেশি। এর আগে দেড় লাখ টাকা মণ হিসেবে বিক্রি হয়েছে এ আকৃতির ইলিশ। তবে বর্তমানে সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ায় কিছুটা কম দামে বিক্রি হয়েছে এই মাছটি। পাথরঘাটা মত্স্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা যায়, গ্রেড সাইজের ইলিশ মণ বিক্রি হচ্ছে ৩৭ থেকে ৩৮ হাজার টাকা, মাঝারি ৩২ থেকে ৩৩ হাজার টাকা এবং ছোট সাইজের ইলিশ ১৪ থেকে ১৫ হাজার টাকা। এছাড়া দুই কেজির ইলিশ বিক্রি হয়েছে ১ লাখ টাকা থেকে ১ লাখ ২০ হাজার মণ হিসেবে। পাথরঘাটা মত্স্য অবতরণ কেন্দ্রের মার্কেটিং কর্মকর্তা মোহাম্মদ আহমদ উল্লাহ জানান, গত সাত দিনে এ মত্স্য অবতরণ কেন্দ্রে প্রায় ২০০ মেট্রিক টন ইলিশ বিক্রি হয়েছে। এতে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় ১২ লাখ টাকা।