শনাক্তের হার ১২ শতাংশের নিচে নেমে এসেছে

সারা দেশে করোনা ভাইরাসে দৈনিক আক্রান্তের হার কমছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্তের হার ১২ শতাংশের নিচে নেমে এসেছে। গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১০ হাজার ৯৮টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয় ১০ হাজার ৭২৩টি। এই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৯৬ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৫৯ শতাংশ।

আগস্ট মাসের মাঝামাঝি সময় পর্যন্ত প্রতিদিন শনাক্তের হার ছিল ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত। ২১ আগস্ট থেকে করোনা শনাক্তের হার ২০ শতাংশের নিচে নেমে আসে। গত এক সপ্তাহ ধরে শনাক্তের হার ছিল ১৪ থেকে ১৫ শতাংশের মধ্যে। এই হার আরো কমে যাচ্ছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ছিল ১২ দশমিক ১৬ শতাংশ। শুক্রবার ছিল ১২ দশমিক ১৫ শতাংশ।

শনিবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ২৮২ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জন হলো। আর গত এক দিনে মারা যাওয়া ৩৪ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৭০২ জনে দাঁড়াল। আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ২৪৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৩ জন, নারী ১১ জন।