আসন্ন তিনটি উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনায় দলের কার্যনির্বাহী সংসদের পাঁচ নেতাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এর মধ্যে ঢাকা-৫ আসনে দায়িত্ব পালন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সেখানে সমন্বয়কারী হিসেবে থাকবেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এছাড়া পাবনা-৪ আসনে প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান ও নওগাঁ-৬ আসনে যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দায়িত্ব পেয়েছেন। এই আসনে সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন।
গতকাল শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদে শূন্য হওয়া পাঁচ আসনের মধ্যে ইতিমধ্যে তিনটির তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ইতিমধ্যে এই তিন আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। এতে পাবনা-৪ আসনে নুরুজ্জামান বিশ্বাস, ঢাকা-৫ আসনে কাজী মুনিরুল ইসলাম মনু এবং নওগাঁ-৬ আসনে আনোয়ার হোসেন হেলালকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।