ঘানিটানা ছয়ফুলকে গরু কিনে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরুর অভাবে নিজেই ঘানি টেনে তেল উত্পাদনকারী সেই ছয়ফুল ইসলামকে একটি গরু এবং ঘানি মেরামতের জন্য নগদ টাকা দিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়ে জানায়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রামের ছয়ফুল ইসলাম গত ২৫ বছর ধরে গরুর অভাবে নিজেই ঘানি টানছেন এবং তার স্ত্রী মোর্শেদা বেগম এ কাজে তাকে সহযোগিতা করে আসছেন। হতদরিদ্র এই দম্পতি প্রতিদিন ৫/৬ ঘণ্টা ঘানি টেনে যে পরিমাণ তেল ও খৈল উত্পাদন করেন তা বিক্রি করে ৩ সন্তানসহ ৫ জনের সংসার চালান।

গত ৯ সেপ্টেম্বর বুধবার এ বিষয়ে গণমাধ্যমে একটি ছবি প্রকাশিত হয়। সংবাদটি মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। বঙ্গবন্ধুকন্যা ঘানি টানার জন্য ছয়ফুল-মোর্শেদা দম্পতিকে একটি গরু এবং গরুটির রক্ষণাবেক্ষণ ও ঘানি মেরামতের জন্য ১০ হাজার টাকা উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লালমনিরহাটের জেলা প্রশাসক গত বৃহস্পতিবার একটি গরু ও ১০ হাজার টাকা ছয়ফুল ইসলামকে হস্তান্তর করেন।