গলাচিপায় তক্ষকসহ পাচারকারী গ্রেফতার

বরিশাল অফিস

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরে অভিযান চালিয়ে বন্যপ্রাণী তক্ষক পাচারকারী চক্রের সদস্য মো. রাসেলকে গ্রেফতার করেছে র্যাব-৮। শনিবার তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি তক্ষক প্রাণী।  র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানির কমান্ডার মো. রবিউল ইসলাম জানান, তক্ষক প্রাণী নিয়ে দেশে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে উঠেছে। ক্যানসারের ওষুধ তৈরিতে এ প্রাণীটি ব্যবহূত হয় এবং প্রতিবেশী দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে এমন গুজব ছড়িয়ে তক্ষক ক্রয়-বিক্রয়ের ফাঁদে পা দিচ্ছে কিছু মানুষ। ১০-১২ ইঞ্চির একটি তক্ষকের দাম হাঁকানো হয় ৫০ লাখ টাকা পর্যন্ত। গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক চক্রের সদস্য রাসেলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গলাচিপা থানায় সোপর্দ করে মামলা দায়েরের করার কথা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৮।