শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের ৫৪ নম্বর কম্পার্টমেন্টের আওতায় বেহালা অভয়ারণ্য এলাকায় ঢুকে মাছ ধরার সময় তিনটি ট্রলারসহ ১৩ জেলেকে আটক করেছে বন বিভাগ। রবিবার ভোরে সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা এম এ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনে বেহালা অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি ট্রলার, জাল ও ৩০ কেজি মাছসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দিয়ে জেলেদের কারাগারে পাঠানো হয়েছে।