গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে জখম করে মনির মোল্লা নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গত শনিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। মনিরের স্ত্রী তানজিলা বেগম ও ছেলে ইমদাদুল মোল্লাকে সংকটাপন্ন অবস্থায় প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । গতকাল রবিবার সকালে মনির মোল্লার লাশ পুলিশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, মানসিক ভারসাম্যহীন মনির মোল্লা তার স্ত্রী তানজিলা বেগম ও ছেলে ইমদাদুল মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে। পরে নিজের গলায় ধারালো বটি চালিয়ে আত্মহত্যা করেছে।